সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজি শায়রুল হাসান। অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে।
সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাজি শায়রুল হাসান চেয়ারম্যান এবং আবেদুর রহমান সিকদার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।
নতুন এ নিয়োগের মাধ্যমে ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলো। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।